দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। সাহিত্যের ষোলকলা পূর্ণ করে ২০১৯ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থান, জাতির আত্মপরিচয়ের বিপ্লবী পথ পরিক্রমায় যার কবিতা মুক্তিকামী গণমানুষকে প্রেরণা জুগিয়ে সাহিত্যকে সমৃদ্ধ করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ।
১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ। তার পিতৃপ্রদত্ত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তার পিতার নাম মীর আবদুর রব ও মাতার নাম রওশন আরা মীর। তার দাদার নাম আব্দুল ওহাব মোল্লা; যিনি হবিগঞ্জ জেলায় জমিদার ছিলেন।
বাংলা ভাষার প্রধানতম এ কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন সামাজিক, সাহিত্যিক সংগঠন নানা প্রোগ্রামের উদ্যোগ নিয়েছে।
আল মাহমুদ কেন্দ্রিক সংগঠন ‘কালের কলস’র সম্পাদক আবিদ আজম জানিয়েছেন, কবির মৃত্যুবার্ষিকীর দিনে বাংলা একাডেমির আল মাহমুদ কর্ণারে আজ বিকেলে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যাতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবির ভক্ত-অনুরাগীরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের ওপর আলোচনা ছাড়াও আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করবেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।