দলমত নির্বিশেষে সকল নাগরিকের জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং কোনো ধরনের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রয়াতর জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর হোটেল ইন্টার কন্টিনেন্টালে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবেনা।
তিনি আরও বলেন, দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই হোক না কেন, কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। ন্যায়পরায়ণতাই হবে নতুন বাংলাদেশের মূল আদর্শ।
তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। এটি শুধু বিএনপির নয়, বরং গণতন্ত্রের বিজয়। দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের।
নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোই গণতন্ত্রের বাতিঘর। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তার ভাষায়, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।
নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজন করায় অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান।
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের ভূমিকা গণতন্ত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
নির্বাচনের সময় ভুল বোঝাবুঝি থেকে কোনো বিরোধ সৃষ্টি হয়ে থাকতে পারে উল্লেখ করে তারেক রহমান সতর্ক করেন, এসব যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিজয় মিছিল না করে শান্ত ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো অপশক্তি পরিস্থিতির সুযোগ নিতে না পারে।
তারেক রহমান জানান, বিএনপি জনগণের কাছে দেওয়া ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা অনুযায়ী পর্যায়ক্রমে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।
শেষে তিনি বিশ্বের গণতান্ত্রিক শক্তি, প্রবাসী বাংলাদেশি এবং দেশের জনগণকে আবারও অভিনন্দন জানিয়ে বলেন, একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।