সকল মেনু

সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিলে রাষ্ট্র চোখ তুলে ফেলবে: জামায়াত আমির

সংখ্যালঘুদের সম্পদের দিকে কেউ লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আগামীর বাংলাদেশ সবাই মিলে গড়ে তুলতে হবে, সেখানে বিভক্তির কোনো জায়গা থাকবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের স্টেডিয়াম মাঠে জামায়াতে ইসলামীসহ ১১–দলীয় জোটের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

জামায়াতের আমির বলেন, ‘আমাদের সংখ্যালঘু ভাই-বোনদের সম্পদের দিকে কেউ লাল চোখ দিয়ে তাকাতে পারবে না। কেউ এমন চেষ্টা করলে রাষ্ট্র তার চোখ তুলে ফেলবে। আমরা সাম্যের বাংলাদেশ চাই।’

তিনি আরও বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। সেখানে অন্য কেউ বাধা দেওয়ার দুঃসাহস দেখাতে পারবে না। ধর্মীয় প্রতিষ্ঠান সবার কাছে পবিত্র, এ বিষয়ে কোনো ধরনের বাড়াবাড়ি মেনে নেওয়া হবে না।

জনসভায় সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটে যিনি নির্বাচিত হবেন, তাঁকে দেহ–মন–প্রাণ দিয়ে অভিনন্দন জানানো হবে। তবে ভোটের বাইরে গিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়া হলে তা গ্রহণ করা হবে না।

তিনি বলেন, ‘আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই। কোনো দলীয় সরকার, পরিবারতান্ত্রিক সরকার বা গোষ্ঠীতান্ত্রিক সরকার চাই না। আমি চাই জনগণের সরকার।’

আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রথম ভোট হবে গণভোটের মতো। ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি। জনগণ ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামোর পক্ষে রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি ফরিদপুর-১ আসনে ১১–দলীয় জোটের প্রার্থী ডা. ইলিয়াস মোল্লাকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় জেলা জামায়াতের নায়েবে আমির আবু হারিচ মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন বিভিন্ন দলের নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top