ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরতরা শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করবেন—এমন ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাঁরা শাহবাগ ত্যাগ করেন।
এ সময় আন্দোলনকারীদের সঙ্গে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ইবনে সৈকত উপস্থিত ছিলেন।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের শাহবাগ ছাড়ার আগে আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, সংগঠনের পক্ষ থেকে শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সেই কর্মসূচির আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, আওয়ামী লীগ সক্রিয় হয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। পোস্টে বলা হয়, ওসমান হাদি হত্যার বিচার ও নির্বাচন বানচালের চেষ্টা চলছে—এমন আশঙ্কা থেকে সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়।
এর আগে শুক্রবার দুপুরের পর ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার উদ্দেশে রওনা দেন আন্দোলনকারীরা। তাঁরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে বাংলামোটর মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া–পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হলে পুলিশ আবারও বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
পরিস্থিতি কিছুটা শান্ত হলে রাত সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের একাংশ ফের শাহবাগ মোড়ে অবস্থান নেন। তবে রাত সাড়ে ১০টার দিকে শনিবার নতুন কর্মসূচি ঘোষণার কথা জানিয়ে তাঁরা শাহবাগ ত্যাগ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।