সকল মেনু

নির্বাচন ১২ তারিখেই হবে: ইনকিলাব মঞ্চ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি বলেছে, নির্বাচন ১২ তারিখেই হবে এবং নির্বাচন হতেই হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়।

এর আগে একই দিন বিকেলে শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। জুমা এবং শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়। আহত হন রাকসু জিএস সালাউদ্দির আম্মারসহ অন্তত ৩০ জন নেতাকর্মী।

গত বৃহস্পতিবার থেকে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর যমুনা এলাকায় অবস্থান শুরু করে ইনকিলাব মঞ্চের নেতারা। শুক্রবার তারা শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার পথে পুলিশের লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের মুখোমুখি হন। এতে আন্দোলনকারীরা আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আনটিএনএনকে বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সমানে থেকে ইনকিলাব মঞ্চের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টালের মোড়ে ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মঞ্চের সদস্যরা। মিন্টু রোড ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের গেটেও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে আবার ইন্টারকন্টিনেন্টালের মোড়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

শাহরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়ে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা একজন হামলাকারীর গুলিতে তিনি আহত হন। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হত্যাচেষ্টা মামলা করেন। হাদির মৃত্যুর পর মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top