সকল মেনু

ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে চেয়ে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ

জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। প্রধান উপদেষ্টার কাছ থেকে এ বিষয়ে সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনের কথা থাকলেও তা করতে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, যমুনার সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। অবস্থানকালে তাদের ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত,’ ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘গোলামী না আজাদী, আজাদী-আজাদী’, নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’ এর মতো নানা স্লোগান দিতে দেখা যায়।

এর আগে বিকেল পাঁচটার দিকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। কর্মসূচিতে অংশ নেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘বিকেল থেকে একজন–দুজন করে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা যমুনার সামনে জড়ো হন। একপর্যায়ে ১৫–২০ জন সেখানে অবস্থান নেন এবং হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। ওসমান হাদির স্ত্রীও তাঁদের সঙ্গে আছেন। তাঁরা জাতিসংঘের মাধ্যমে হত্যার তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও বিকেল থেকে যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির এক পর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতিসংঘের তদন্ত বিষয়ে আশ্বাস আসতে পারে—এমন প্রত্যাশার কথাও জানানো হয়।

তবে সন্ধ্যা পর্যন্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো বার্তা না আসায় যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন সংগঠনটির নেতা–কর্মীরা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা–৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন, ‘হাদি হত্যার বিচারের ক্ষেত্রে আমরা এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছি না। এই হত্যাকাণ্ডের কাঠামোর সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করতে জাতিসংঘের মাধ্যমে একটি নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মাধ্যমে জাতিসংঘের কাছে আমরা সেই আহ্বান জানাচ্ছি। কয়েক দিন ধরেই আমরা এই দাবি জানিয়ে আসছি। আশ্বাস না পেয়ে বাধ্য হয়ে যমুনার সামনে এসে অবস্থান নিয়েছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top