বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছেন নাজমুন নাহার। বিশ্বের ১৮৪টি দেশে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই বিরল কীর্তি অর্জন করেছেন। একই সঙ্গে তিনি বিশ্বের প্রথম মুসলিম নারী, যিনি এত সংখ্যক দেশে জাতীয় পতাকা নিয়ে ভ্রমণ সম্পন্ন করেছেন।
এই অসাধারণ অর্জনের স্বীকৃতিস্বরূপ নাজমুন নাহারকে সম্মানসূচক উপাধি ‘ফ্ল্যাগ লরিয়েট অব ন্যাশনাল প্রাইড’ প্রদান করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
নাজমুন নাহারের এই দীর্ঘ পথচলা কেবল একটি ব্যক্তিগত সাফল্য নয়; এটি সাহস, ঐক্য, শান্তি এবং পরিবেশগত দায়িত্ববোধের বার্তা বহন করে। সীমান্ত পেরিয়ে তাঁর এই অভিযাত্রা বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, মূল্যবোধ ও মানবিক চেতনার প্রতিনিধিত্ব করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজধানীতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলার জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) কামরুল ইসলাম এবং হেড অব ডিজিটাল মার্কেটিং মীর তাজমুল হোসেনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় গর্ব, সাহসিকতা ও বৈশ্বিক দায়িত্ববোধে অনুপ্রাণিত ব্যক্তিত্বদের সম্মান জানানো তাদের করপোরেট অঙ্গীকারের অংশ।
নাজমুন নাহারের এই অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন আয়োজকেরা। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বদরবারে দেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে এটি অনুপ্রেরণা জোগাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।