সকল মেনু

ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান

ফরিদপুর বিভাগ গঠন করলে যদি জনগণের সমস্যা সমাধান হয়, তাহলে বিএনপি সেই উদ্যোগ নেবে—এমন আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হলেই কেবল দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব।

বুধবার দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগ (সাংগঠনিক বিভাগ) বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।
দুপুর দুইটা ৪০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলের পাশের ফরিদপুর স্টেডিয়াম মাঠে হেলিকপ্টারযোগে অবতরণ করেন। এরপর গাড়িতে করে দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে মঞ্চে ওঠেন। দুপুর ৩টা ২১ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন।

তারেক রহমান বলেন, ‘আজকের এই নির্বাচনী জনসভায় আপনাদের সামনে আমি এতটুকু বলতে চাই—ফরিদপুর বিভাগ গঠন করলে যদি সমস্যা সমাধান হয়, তাহলে বিএনপি সেটা সমাধান করবে। আমরা শুনেছি, প্রত্যেক এলাকায় এত উন্নয়ন হয়েছে। তাহলে আপনাদের প্রার্থীরা এত সমস্যার কথা বলল কেন?’

তিনি আরও বলেন, বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ।
আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘১২ তারিখ দেশের মানুষ বিএনপিকে ভোট দিলে আমরা কী কী করব, তার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।’

তিনি জানান, গ্রেটার ফরিদপুর অঞ্চলের অন্যতম বড় সমস্যা নদীভাঙন। নদীভাঙন রোধ করা গেলে কৃষিপ্রধান এই অঞ্চলের পাটসহ বিভিন্ন ফসল উৎপাদন বাড়বে এবং পাট রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।

কৃষকদের সহায়তার বিষয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে বীজ ও সার সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে।

এলাকার বেকারত্ব সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় গেলে প্রত্যেক এলাকায় বৈশিষ্ট্যভিত্তিক কলকারখানা গড়ে তোলা হবে, যাতে মানুষ সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারে।

নারীদের ক্ষমতায়নের বিষয়েও বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, নারীদের পেছনে ফেলে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। এজন্য নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে, যার মাধ্যমে খেটে খাওয়া পরিবারগুলো প্রয়োজনীয় সহায়তা পাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top