ম্যাচজুড়ে খুব একটা উত্তেজনা না থাকলেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের একমাত্র গোলেই চেলসিকে হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর ৯৭ মিনিটে কাই হাভার্টজের করা গোল ১-০ ব্যবধানের জয় এনে দেয় মিকেল আর্তেতার দলকে।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এই জয়ের মধ্য দিয়ে চেলসির বিপক্ষে টানা অপরাজেয় থাকার রেকর্ডও ধরে রাখল গানাররা। দুই দলের সর্বশেষ ১০ দেখায় এখনো জয় পায়নি স্টামফোর্ড ব্রিজের দলটি। অথচ ম্যাচটির আগে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল লিয়াম রোজেনিয়রের শিষ্যরা।
পরিসংখ্যানে চেলসি এগিয়ে থাকলেও ফলের পার্থক্য গড়ে দেয় আর্সেনালের কার্যকর আক্রমণ। ম্যাচে ৫৫ শতাংশ বল দখলে রেখে চেলসি নেয় ১১টি শট, যার মধ্যে দুটি ছিল লক্ষ্যে। বিপরীতে আর্সেনাল ৬টি শটের দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
প্রথমার্ধে দুই দলের খেলাই ছিল অনেকটা ম্যাড়ম্যাড়ে। ১৮ মিনিটে আর্সেনাল একটি ভালো সুযোগ পেলেও গোলরক্ষকের দৃঢ়তায় তা নষ্ট হয়। বিরতির ঠিক আগে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার শট দারুণভাবে ঠেকান কেপা আরিজাবালাগা। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বাড়লেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই।
গোলশূন্য অবস্থায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। যোগ করা ছয় মিনিটের শুরুতেই হতাশ হয়ে চেলসি সমর্থকদের একটি অংশ মাঠ ছাড়তে শুরু করে। আর সেই হতাশা আরও বাড়িয়ে দেন কাই হাভার্টজ। ৯৭ মিনিটে ডেকলান রাইসের লম্বা পাস ধরে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে কাটিয়ে জাল খুঁজে নেন জার্মান মিডফিল্ডার।
প্রথম লেগের ৩-২ জয়ের সঙ্গে এই ফল যোগ করে ৪-২ অ্যাগ্রিগেটে লিগ কাপের ফাইনালে পৌঁছে গেল আর্সেনাল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।