বাণিজ্য মন্ত্রণালয়ের ১০–৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ আগামী সাত দিনের মধ্যে বাস্তবায়ন না হলে দেশের সব স্পিনিং মিল ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মিল মালিকরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।
মিল মালিকরা বলেন, সুপারিশ বাস্তবায়ন না হলে টেক্সটাইল শিল্প মারাত্মক সংকটে পড়বে। এতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। এর ফলে আর্থিক খাতে কোনো ধরনের বিপর্যয় দেখা দিলে তার দায়ভারও সরকারকেই বহন করতে হবে বলে জানান তারা।
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, সম্প্রতি ক্রিকেট সংক্রান্ত বিষয়ে সরকারের মধ্যে যে দেশপ্রেমের বহিঃপ্রকাশ দেখা গেছে, দেশীয় টেক্সটাইল শিল্প রক্ষায় তার সামান্য প্রতিফলনও দেখা যাচ্ছে না, যা অত্যন্ত হতাশাজনক। তিনি অভিযোগ করেন, এর পেছনে কোনো বড় ধরনের ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে বিটিএমএ নেতারা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দেশীয় টেক্সটাইল শিল্প রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।