জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাচেষ্টা মামলায় আহতদের সঠিক তথ্য না পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার প্রাথমিক তদন্তে জানা গেছে, ৪ আগস্ট ধানমন্ডি ২৭-এর মীনা বাজারের সামনে সীমান্ত স্কয়ার থেকে বাসায় ফেরার পথে সাহেদ আলী আহত হন। সেই সময় ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীসহ মোট ৯ জন আহত হন। তবে তদন্তকালে পিবিআই কর্মকর্তারা মামলার এজাহারে উল্লেখিত আহতদের খুঁজে পাননি।
পিবিআই কর্মকর্তা শাহজাহান ভূঞাঁ জানান, “তথ্যগত ভুল থাকার কারণে আপাতত আসামিদের অব্যাহতি চেয়ে প্রতিবেদন দাখিল করেছি। পরে যদি আহতদের সঠিক তথ্য পাওয়া যায়, অভিযোগপত্র জমা দেওয়া হবে।”
মামলার বাদী শরীফ উল্লেখ করেন, তার ভাই ছাড়াও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে পর্যাপ্ত তথ্য ও পরিচয়পত্র না থাকায় তাঁদের খুঁজে পাওয়া সম্ভব হয়নি। এছাড়া আহতরা হাসপাতালে ভর্তি হননি বা চিকিৎসা নিয়েছেন কিনা তা তদন্তে জানা যায়নি।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, জুনাইদ আহমেদ পলক, জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাদীকে নোটিশ দিয়ে তার ভাইকে থানায় হাজির করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও আক্রান্তরা হাজির হননি এবং চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র সরবরাহ করেননি।
আইনজীবী পীযূষ কান্তি বলেন, “আমার আসামি হয়রানির শিকার হয়েছেন। আদালতও পরিস্থিতির শিকার।” মামলার পরবর্তী শুনানি ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাশার জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।