কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ (২২) নামে এক বাংলাদেশি যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে নাফ নদীর বেড়িবাঁধ সংলগ্ন শাহজানের দ্বীয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত মোহাম্মদ হানিফ হোয়াইক্যং লম্বা বিল মাঝের পাড়া এলাকার ফজল করিমের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে হানিফ তার মৎস্য ঘের দেখতে যান। এ সময় অসাবধানতাবশত মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা একটি মাইনের ওপর পা পড়লে তাৎক্ষণিক বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়েও গুরুতর আঘাত পান। আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি স্থানীয় এনজিও পরিচালিত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন আহতের ছোট ভাই মো. আমিন।
এ ঘটনার প্রতিবাদে স্বজন ও এলাকাবাসী টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয় বাসিন্দা জুনায়েদ আলী চৌধুরী বলেন, হোয়াইক্যং এলাকার অধিকাংশ মানুষের জীবিকা সীমান্তসংলগ্ন মৎস্য ঘের ও লবণ মাঠের ওপর নির্ভরশীল। প্রতিনিয়ত যদি মানুষ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর গুলি, মাইন বিস্ফোরণ ও অপহরণের শিকার হয়, তাহলে তাদের জীবন-জীবিকা চরম ঝুঁকির মধ্যে পড়বে। তিনি সীমান্ত এলাকায় পুঁতে রাখা মাইন দ্রুত শনাক্ত ও অপসারণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন রুদ্র জানান, ঘটনার বিষয়টি তারা অবগত হয়েছেন এবং তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।