সকল মেনু

রাজশাহীতে ট্রাক উল্টে ৪ জনের মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ট্রাকটি কলাহাটে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের ধাক্কায় ৪ জন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম–পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তাঁরা কলাহাটে কলা বিক্রির সঙ্গে যুক্ত ব্যবসায়ী ছিলেন।

পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন বলেন, সকালে ঝলমলিয়া বাজারের কলাহাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চারজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ৪ জন মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ দিকে পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঝলমলিয়া বাজারে কলা বেচাকেনার স্থানে একটি বালুঝোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ তিনজনের মরদেহ পেয়েছে। মরদেহ তিনটি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আরেকজনের মরদেহ স্থানীয় লোকজন বাড়িতে নিয়ে গেছেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top