সকল মেনু

আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ, বিজিবি, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়।

তিনি জানান, এ পর্যন্ত মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাশাপাশি চারজন সাক্ষীও আদালতে জবানবন্দি দিয়েছেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্তে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, ছোরা, মোটরসাইকেল, ভুয়া নম্বর প্লেট, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া প্রায় ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট–সংক্রান্ত আর্থিক নথিও জব্দ করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রাপ্ত তথ্য, জবানবন্দি ও উদ্ধার করা আলামত পর্যালোচনায় মামলাটির তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইতোমধ্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া ব্যাহত করতে বিভিন্ন দুষ্কৃতকারী ও সন্ত্রাসী গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আশ্বাস দেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ এবং সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার অগ্রগতির বিষয়েও সাংবাদিকদের অবহিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top