সকল মেনু

কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান

শরিফ ওসমান হাদির শাহাদাতের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত এবং সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের অবসান না হওয়া পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি ছাত্র–জনতাকে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার অনুরোধ জানান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে সাদিক কায়েম বলেন, শহীদ শরিফ ওসমান হাদি কখনো সহিংসতার মাধ্যমে ফ্যাসিবাদী বা আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করতে চাননি। তাঁর আদর্শ ছিল মেধা, মনন ও জ্ঞানের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা।

তিনি আরও বলেন, শহীদ হাদির যে লক্ষ্য ও স্বপ্ন ছিল, তা বাস্তবায়নের সংগ্রাম দীর্ঘমেয়াদি। সাময়িক আবেগ, উত্তেজনা কিংবা সহিংস পথ বেছে নিয়ে সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়। বরং হঠকারী বা দায়িত্বজ্ঞানহীন কোনো কর্মকাণ্ড শহীদ হাদির আদর্শ ও চলমান আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ডাকসু ভিপি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ফাঁদ বা উসকানিতে পা না দিয়ে শহীদ হাদিকে হৃদয়ে ধারণ করে শান্তিপূর্ণ, সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।

এদিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে মরদেহ ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top