জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এখনও জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে তাঁর অস্ত্রোপচার করানোর অনুমতি দেওয়া হয়েছে। এ অবস্থায় তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চ এর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আল্লাহ যেন ওসমান হাদীকে ‘হায়াতে তাইয়্যেবাহ’ দান করেন—এই প্রত্যাশা তাদের। একই সঙ্গে তারা বলেছে, ওসমান হাদী মারা গেলে তাকে ‘শহীদের কাতারে’ অন্তর্ভুক্ত করে দেশের ‘স্বাধীনতাকামী মজলুম জনতা’র প্রতি সার্বভৌমত্ব নিশ্চিতের দাবিতে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে এবং প্রয়োজনে দেশব্যাপী কর্মসূচির মাধ্যমে চাপ সৃষ্টি করা হবে। অভিযুক্ত ব্যক্তি ভারতে পালিয়ে গেলে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।