দক্ষ কর্মী ভিসা বা এইচ–১বি ক্যাটাগরিতে নতুন নিয়ম চালু করেছে যুক্তরাষ্ট্র। সামাজিকমাধ্যমের অ্যাকাউন্ট যাচাই–বাছাইয়ের কঠোর নীতির কারণে ইতোমধ্যে বিপাকে পড়েছেন ভারতীয় এইচ–১বি ভিসা আবেদনকারীরা। অনেকের নির্ধারিত সাক্ষাৎকারের সময় পিছিয়ে আগামী বছরে নেওয়া হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি দিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। খবর এনডিটিভির।
বিজ্ঞপ্তিতে নয়াদিল্লির মার্কিন দূতাবাস জানায়, ভিসা সাক্ষাৎকার পুনঃনির্ধারণের বিষয়ে ইমেইলে নোটিশ পাওয়া আবেদনকারীদের নতুন তারিখ অনুযায়ী সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো আবেদনকারী পূর্বনির্ধারিত পুরোনো তারিখে কনস্যুলেটে হাজির হলে তাকে প্রবেশাধিকার দেওয়া হবে না।
ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শেষের দিকে যেসব সাক্ষাৎকার নির্ধারিত ছিল, সেগুলো সরিয়ে আগামী বছরের মার্চ মাসে নেওয়া হবে।
এক পরিচিত ব্যবসায়িক ইমিগ্রেশন ল–ফার্মের অ্যাটর্নি স্টিভেন ব্রাউন বলেন, মিশন ইন্ডিয়া যা নিশ্চিত করেছে, তা আগের প্রাপ্ত তথ্যের সঙ্গে মিলে যায়। সামাজিকমাধ্যম ভেটিংয়ের কারণে আগামী কয়েক সপ্তাহের বহু ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে মার্চে সরিয়ে নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, এইচ–১বি ভিসার আবেদনকারী এবং তাদের এইচ–৪ নির্ভরশীলদের জন্য সম্প্রসারিত স্ক্রিনিং ও ভেটিং ব্যবস্থা চালু করা হয়েছে। আবেদনকারীদের সব সামাজিকমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিং ‘পাবলিক’ রাখতে হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) থেকে কর্মকর্তারা আবেদনকারীদের অনলাইন উপস্থিতি খতিয়ে দেখবেন যে কারা অযোগ্য বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটরদের ক্ষেত্রে এ ধরনের যাচাই আগেই চলতো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।