সকল মেনু

হাসিনার লকারে মিলল ৮৩২ ভরি স্বর্ণ

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণের অলঙ্কারসহ বিপুল পরিমাণ মূল্যবান সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখার (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) দুটি লকার খোলার পর এই বিপুল পরিমাণ স্বর্ণের অলঙ্কার জব্দ করা হয়। এনবিআর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সিআইসি অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার নামে থাকা ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি জব্দ করে। এসব লকার থেকেই ৮৩২ ভরি স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান সম্পদের সন্ধান মিলেছে।

একই দিনে পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরও একটি লকার খোলা হলেও, সেই লকারে কিছু পাওয়া যায়নি বলে এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন।

এনবিআর কর্মকর্তারা জানান, গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা এবং তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত এই দুই আসামির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়। একই সাথে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও আদালত নির্দেশনা দেন।

আদালতের এই নির্দেশনার অংশ হিসেবেই ফেরারি দুই আসামির সমস্ত সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করার জন্য জব্দকৃত ব্যাংক লকারগুলো খোলা হচ্ছে বলে এনবিআর জানিয়েছে।

গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়। এর অংশ হিসেবেই সিআইসি শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন ব্যাংকের লকার জব্দ ও তল্লাশি চালাচ্ছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর সিআইসি পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় অভিযান চালিয়ে শেখ হাসিনার নামে থাকা ১২৮ নম্বর লকারটি জব্দ করে। সেসময় ওই শাখায় তার দুটি ব্যাংক হিসাবে ১২ লাখ টাকার এফডিআর এবং ৪৪ লাখ টাকার সন্ধান পাওয়ায় হিসাবগুলো জব্দ করা হয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top