জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় গ্রীন বায়োটেকনোলজি কারখানায় চাঁদার দাবিতে দেশীয় অস্ত্রধারী একদল চিহ্নিত দুষ্কৃতিকারীর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির শব্দে এলাকা কেঁপে ওঠে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ পাঁচজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—নাংলার জান্নাতুল হুমায়রা জেমি (২২), বরগুনার মো. মাসুম (২৫), মেলান্দহের বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ সানি (২৬), বয়রাডাঙ্গার লিখন আহমেদ সাকিব (২৭) এবং একই গ্রামের মোশারফ মিয়া।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, জান্নাতুল হুমায়রা জেমি ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত সামিউল ইসলাম জাম্বুর নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্র, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে কারখানার সামনে আসে। তারা প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা কারখানার গেটে ভাঙচুরসহ হামলা চালায়।
গুলির শব্দ শুনে গ্রামবাসী এগিয়ে এলে দুষ্কৃতিকারীরা ছুটোছুটি শুরু করে। স্থানীয়রা তিনজনকে ঘটনাস্থলেই আটক করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, এর আগেও একই দল চাঁদার দাবিতে কারখানাটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করেছিল।
গ্রীন বায়োটেকনোলজির ম্যানেজার নজরুল ইসলাম বলেন, ‘পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে পরিকল্পিতভাবে তারা রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। প্রথমে ফাঁকা গুলি ছোড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে গেটে ভাঙচুর করে। আগেও এই দলটি চাঁদার জন্য হামলা করেছিল। এ ঘটনায় আমরা মামলা করব।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানটি শুধু মেলান্দহ নয়, জামালপুরসহ দেশের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শত শত পরিবারের জীবিকা এই কারখানার ওপর নির্ভরশীল। কিছু দুষ্কৃতিকারীর সন্ত্রাসী কর্মকাণ্ডে এই শিল্প এখন হুমকির মুখে। দ্রুত ব্যবস্থা না নিলে উদ্যোক্তারা নিরুৎসাহিত হবেন।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘চাঁদার দাবিতে অস্ত্রধারী একদল দুষ্কৃতিকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কারখানায় হামলার চেষ্টা করেছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। আটকের সময় তারা পুলিশের কাজেও বাধা দেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।