সকল মেনু

‘বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই’

গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের বিষয়ে তার ব্যক্তিগত ফেসবুক পাতায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি বাউল আবুল সরকারের শাস্তির দাবি তোলেন।

স্ট্যাটাসে রাশেদ খান লেখেন, বাউল আবুল সরকারের ‘মুক্তি নয়, কঠোর শাস্তি’ চান তিনি। আবুল সরকারের বক্তব্য শোনার পর তার অবস্থান আরও ‘স্পষ্ট’ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রাশেদ খান লিখেছেন, “এই বাউলের বক্তব্য একটু আগে শুনলাম। সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই ধরনের কটুক্তি করেছে। আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দেবে না। কিন্তু আপনি আল্লাহ ও ধর্ম নিয়ে কটুক্তি করতে পারেন না। এমনকি হিন্দু ধর্ম ও হিন্দুধর্মাবলম্বীদের নিয়েও কটুক্তির অধিকার কারও নেই।”

তিনি আরও বলেন, “সবাই স্বাধীনভাবে এই দেশে ধর্মপালনের অধিকার পাবে, কিন্তু ধর্ম নিয়ে কটুক্তির অধিকার কারও নাই। বাউল আবুল সরকারের মুক্তি চাচ্ছেন, তারা আগে তার বক্তব্য শুনুন। সে সমগ্র মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে।”

রাশেদ খান মনে করেন, আইন অনুযায়ী যথাযথ শাস্তি হলে ভবিষ্যতে কেউ এমন মন্তব্য করতে সাহস পাবে না। তার ভাষায়, “আমরা সমাজে শান্তি চাই। ধর্ম নিয়ে বিতর্ক এবং বিভাজন চাই না।”

উল্লেখ্য, বাউল আবুল সরকারের মন্তব্য ঘিরে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর আলোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top