কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ দল) যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ হয়েছে। আগামী ৮ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। এ দিন মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণও শুরু হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে প্রসিকিউশন এ বক্তব্য শুরু হয়।
জানা গেছে, সূচনা বক্তব্যে মামলার পটভূমি, অভিযোগ এবং প্রসিকিউশনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে। চলতি বছরের ২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল–২।
হানিফ ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এও আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং দুইজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলার সাক্ষ্য নেবে ট্রাইব্যুনাল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।