জুলাই সনদের বিভিন্ন ধারায় বিএনপির লিখিত আপত্তি বা নোট অব ডিসেন্ট নিয়ে সমালোচনা করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, “যেসব প্রস্তাবের মাধ্যমে অতীতে দুর্নীতি, বৈষম্য ও ফ্যাসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, বিএনপি সেসব সংস্কারের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।”
শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সাদিক কায়েম লিখেছেন, জুলাই সনদের যেসব ধারায় বিএনপি লিখিত আপত্তি জানিয়েছে, সেসব বিষয়ে গণভোট মানতে রাজি নয় দলটি।
তিনি বলেন, ক্ষমতার ভারসাম্য রক্ষায় উচ্চকক্ষে ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR)’ ভিত্তিক আসন বণ্টনের প্রস্তাবে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। একইভাবে পিএসসি নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ মেধাভিত্তিক ও দলীয় প্রভাবমুক্ত রাখার প্রস্তাবেও আপত্তি জানিয়েছে।
ভিপি সাদিক উল্লেখ করেন, একই ব্যক্তি যেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান দুটো পদ একসঙ্গে না রাখতে পারেন—এই প্রস্তাবেও বিএনপি গণভোটের বিরোধিতা করছে। তত্ত্বাবধায়ক সরকারের ধারায়ও দলটি নোট অব ডিসেন্ট দিয়েছে বলে তিনি দাবি করেন।
এছাড়া বিচারপতি নিয়োগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও অডিটর জেনারেল নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করার প্রস্তাবেও বিএনপির আপত্তি রয়েছে বলে জানান তিনি।
সাদিক কায়েম তাঁর স্ট্যাটাসে লিখেছেন, জুলাইকে স্বীকৃতি না দেওয়া মানে পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদী কাঠামো টিকিয়ে রাখা এবং জুলাই গণহত্যার বৈধতা দেওয়ার নামান্তর। খুনি হাসিনার ফেলে যাওয়া উচ্ছিষ্ট ধরে রাখার মানসিকতা থেকেই তারা এই অবস্থান নিয়েছে।
তিনি আরও লেখেন, কোনো রাজনৈতিক দলকে দেশের মালিক বানানোর জন্য এত মানুষ জীবন দেয়নি। জুলাই প্রজন্মকে উপেক্ষা করে জনগণের প্রকৃত ক্ষমতায়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে, তারা অস্তিত্বের সংকট মোকাবিলার প্রস্তুতি রাখুক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।