সকল মেনু

গণতন্ত্র সুসংহত করতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে: কাদের গনি

বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ–সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেয়াকো বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি”র লিফলেট বিতরণ শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, যারা দেশের স্বাধীনতা চাননি, তাদের হাতে দেশ নিরাপদ নয়। স্বাধীনতার পর থেকে স্বৈরশাসন, ফ্যাসিবাদী শাসন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে গণতন্ত্র বারবার সংকটে পড়েছে। বিএনপির ৩১ দফা এসব সংকটের বাস্তবসম্মত সমাধান ও টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার রূপরেখা।

তিনি আরও বলেন, বিএনপির এই ৩১ দফা হলো ‘মানবিক বাংলাদেশের ম্যাগনা কার্টা’, যা গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারের সময়োপযোগী নীতিমালা। এতে বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।

বিএফইউজে মহাসচিব বলেন, বিএনপি সব মত ও পথের মানুষের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গড়ার অঙ্গীকারে অটল।

তিনি বলেন, জনগণের ঐক্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার ভিত্তিতে ভবিষ্যৎমুখী কল্যাণমূলক রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে।

কাদের গনি চৌধুরী বলেন, বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। প্রেসিডেন্ট জিয়া একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকার ও রাজনৈতিক বহুমতের স্বীকৃতি তিনি দিয়েছেন। পরে বেগম খালেদা জিয়া মেয়েদের বিনা খরচে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার সুযোগ করে দেন, মহিলা অধিদপ্তর প্রতিষ্ঠা করেন। এসবই বিএনপির অবদান।

তিনি বলেন, এখন এমনভাবে বলা হয় যেন বিএনপি দেশের জন্য কিছুই করেনি।

কিন্তু আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে, সব বিএনপির হাত দিয়েই হয়েছে, যোগ করেন কাদের গনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নানামুখী চক্রান্তের মধ্যেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। এখন আবার গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র চলছে। জাতির বৃহত্তর স্বার্থে এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে।

সমাবেশে বিএনপি নেতা সারোয়ার হোসেন, ওসমান তাহের সম্রাট, ইয়াকুব সিফাত, কামাল চৌধুরী, ইলিয়াস মেম্বার, রিফাত চৌধুরী, মাসুদ আজহার, হাসান হাফিজ, সোহেল সিকদার, সেলিম খান, আব্দুল আল মামুন, মোহাম্মদ রানা, সুমন খান, জীবন মুসা, কামাল উদ্দিন, নুরুল আফছার, আবু সাঈদ রুবেল, সাইমুনুল করিম, আবদুল মান্নান, খোরশেদুল আলম, মুনাফ চৌধুরী, ইসমাইল রাজ, আব্দুর রাজ্জাক, ইলিয়াস বাচা, ওমর ফারুক ও সোহেল রানা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top