সকল মেনু

কোরআন অবমাননাকারী সেই শিক্ষার্থীকে নর্থ সাউথ থেকে স্থায়ী বহিষ্কার

পবিত্র কোরআন শরিফ অবমাননার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কার করেছে।

রোববার (৫ অক্টোবর) শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। আদালতের নির্দেশে কারাগারেও পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, শনিবার (৪ অক্টোবর) অভিযুক্ত শিক্ষার্থীকে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননারত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা দেখতে পায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে রক্ষা করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ দিকে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশনের বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন জানান, কোরআন অবমাননার ঘটনায় ভাটারা থানার এসআই চাঁদ মিয়া অভিযুক্তকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

পুলিশের আবেদনে বলা হয়েছে, “এই আসামি কোরআন অবমাননার সঙ্গে জড়িত বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসাবাদে এই শিক্ষার্থী পবিত্র গ্রন্থ কোরআন হাতে করে নিয়ে এসে— সবার সামনে হাত থেকে ফ্লোরের ওপর ফেলে পা দিয়ে পদদলিত করে, ধর্ম বিশ্বাসের অবমাননা করে মুসলমানদের অনুভূতিতে আঘাত হানার কথা স্বীকার করেছেন।’’

“মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের প্রয়োজন হতে পারে। আসামি জামিনে মুক্তি পেলে পালিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।”

কোরআন অবমাননার ঘটনায় রবিবার ভাটারা থানার উপপরিদর্শক হাসমত আলী মামলাটি দায়ের করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top