সকল মেনু

‘শেখ হাসিনার পতনের পূর্বেই ড. মুহাম্মদ ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল’

গত বছরের ৪ আগস্ট নতুন সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, ওই আলোচনায় ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে তিনি এ জবানবন্দি প্রদান করেন।

জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন,

“পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত বছরের ৪ আগস্ট আমরা শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করি। সেদিনই আমরা ৬ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করি। তবে সরকারের পক্ষ থেকে জানা যায়, তারা ওই কর্মসূচি ব্যর্থ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং দেশজুড়ে কারফিউ জারি করে দমন-পীড়ন চালানো হবে। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনার পাশাপাশি আমাদের গুম বা হত্যার আশঙ্কাও তৈরি হয়। এ প্রেক্ষাপটে, আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে এনে ৫ আগস্ট পালনের সিদ্ধান্ত নিই।”

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুইজনের বিরুদ্ধে নাহিদ ইসলামের এটি ছিল দ্বিতীয় দিনের সাক্ষ্য। তিনি জানান,

“জুলাইয়ের গণআন্দোলনের সময় নেতাকর্মীদের গ্রেফতারের পর শেখ হাসিনার প্রশাসন তাদের ওপর চাপ সৃষ্টি করে আন্দোলন প্রত্যাহারের জন্য। ১৬ জুলাই থেকে মূল গণহত্যার তথ্য গোপন করতে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় এবং সঠিক তথ্য প্রকাশে বাধা দেওয়া হয়।”

সাক্ষ্যে তিনি আরও বলেন,

“শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ওই গণহত্যার সরাসরি দায়ী। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

এর আগে বুধবারের শুনানিতে, জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের দমনপীড়নের বিবরণ দেন নাহিদ ইসলাম।

অন্যদিকে, রামপুরার একটি ভবনের কার্নিশ থেকে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যাসহ আরও দুইজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে ট্রাইব্যুনাল আজ আদেশ দেওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top