সকল মেনু

নবীগঞ্জে বাসচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে বাসচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘি মহল্লায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালেই বানিয়াচংয়ের সাগরদিঘি পশ্চিমপাড়ের সৈয়দ আলীর স্ত্রী শামিমা আক্তার (৪০) তার ছেলে তকিকে (৪) নিয়ে নবীগঞ্জ উপজেলার দিনারপুরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। নিহত শিশু স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে।

ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দিনারপুর কলেজের সামনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এখানে জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে নিয়মিত পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

নিহত মা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top