গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিচার দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ আগস্ট রাজধানীর আল রাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন চলাকালে পুলিশ ও সেনা সদস্যরা নুরুল হক নুর এবং তার দলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এসময় দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং শতাধিক নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
গণঅধিকার পরিষদ অভিযোগ করে বলেছে, সরকারের পক্ষ থেকে বিচারের আশ্বাস দেওয়া হলেও ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও হামলাকারীদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার নুরুল হক নুরের ওপর এমন হামলা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয়। তারা মনে করছে, এ ঘটনার পেছনে আওয়ামী লীগের দোসর বাহিনী ও জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে, যা নয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা।
এ ঘটনায় গণঅধিকার পরিষদ তিন দফা দাবি জানিয়েছে—
১. নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার।
২. স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।
৩. জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ।
গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এক বিবৃতিতে বলেন, গণতন্ত্রকামী জনগণ, নেতাকর্মী ও সমর্থকদের শাহবাগের সর্বদলীয় সংহতি সমাবেশে অংশ নিয়ে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।