টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের বহনকরা একটি ট্রাক উল্টে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে এক মাদরাসা ছাত্র নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে একজন ও ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আরও এক মাদরাসা ছাত্র মারা গেছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উপ-সহকারী পরিচালক (প্রশাসন) মেহেদী হাসান।
তিনি বলেন, সানাউল্লাহ সজল (১৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফজলুল হককে (১৯) উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। আহতদের জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
জানা যায়, এখন পর্যন্ত আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ২৫ জন। রোববার রাত সোয়া ১১টার দিকে ভালুকা উপজেলার সিডস্টোর ঢালিবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে নাঈম আকন্দ (১৫), ভালুকা উপজেলার পাইলাবর গ্রামের মো. ফারুক খানের ছেলে মো. সানাউল্লাহ সজল (১৮) এবং ফজলুল হক (১৯)।
তারা সবাই ভালুকা উপজেলার খারুয়ালী এলাকাস্থ জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমী মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ভালুকা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
তিনি জানান, ভালুকার জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার ৩০ জন ছাত্র-শিক্ষক টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে একটি ট্রাকে করে তারা রাতে মাদ্রাসায় ফিরছিলেন। এ সময় রাত সোয়া ১১টার দিকে ভালুকার ঢালিবাড়ী মোড় ইউটার্নের কাছাকাছি আসতেই হঠাৎ একটি পিকআপকে ইউটার্ন নিতে দেখে তাৎক্ষণিক ব্রেক করতে চেষ্টা করেন ট্রাকচালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলেই নাঈম আকন্দ নিহত হন এবং ট্রাকে থাকা অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের অনেকের অবস্থা গুরুতর ছিল বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।