সকল মেনু

শহীদ নূর হোসেনের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে প্রথমে দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর শহীদ নূর হোসেনের সংগঠন যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল শামীম উপস্থিত ছিলেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে ১৯৮৭ সালের এদিনে যুবলীগ নেতা নূর হোসেন পুলিশের গুলিতে শহীদ হন। রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। শহীদ নূর হোসেনের এ আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top