সকল মেনু

রাশিয়ার বিমানবন্দরে ইসরায়েলিদের ধাওয়া!

রাশিয়ার মুসলিম অধ্যুষিত অঞ্চল দাগেস্তানে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে তেলআবিব থেকে আসা বিমান অবতরণের খবরে স্থানীয় লোকজন সেখানে ব্যাপক হামলা চালায়।

মাখাচখালা নামে ওই বিমানবন্দরে ঢুকে ইসরায়েলিদের ধাওয়া করে পিটাতে থাকে। এ সময় বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশ কর্মকর্তাসহ ২০ জন আহত হয়েছেন। খবর বিবিসি, ডয়েচে ভেলে ও তাসের।

এদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাশিয়ার দাগেস্তানে মাখাচখালা বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

উত্তেজিত জনতা একপর্যায়ে রানওয়েতে অবস্থান করা বিমানটি ঘিরে রাখে এবং এর ভিতরে ঢুকে ইহুদি যাত্রীদের খুঁজতে থাকে।

এমনকি বিমানবন্দরের বাইরে গাড়িতে তল্লাশি চালিয়েও ইসরায়েলি পাসপোর্টধারীদের খুঁজে বের করার চেষ্টা করা হয়।

এসময় বিক্ষুব্ধদের অনেকে ইহুদিবিরোধী স্লোগান দেন। ওই হামলার পর রাশিয়ার সরকারকে ‘সব ইসরায়েলি নাগরিক এবং ইহুদিদের’ রক্ষা করার আহ্বান জানিয়েছে ইসরায়েল।

টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলা চালিয়ে আসছে ইসরায়েল। অবিরাম এই হামলায় ইতোমধ্যেই সাড়ে ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে দানা বাঁধছে ক্ষোভ।

এরই অংশ হিসেবে রাশিয়ায় ওই বিমানবন্দরে হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। ইসরায়েল থেকে একটি বিমান পৌঁছানোর পর ওই বিমানবন্দরে রবিবার রাতে হামলার ঘটনা ঘটে। এসময় তারা ইহুদিবিরোধী নানা স্লোগান দেন এবং তেলআবিব থেকে আসা লোকজনের খোঁজ করতে থাকেন।

পরে সোমবার অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছে পুলিশ এবং ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রাশিয়ার এভিয়েশন এজেন্সি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার এই ঘটনার পর এখন বিমানবন্দরটি আগামী ৬ নভেম্বর পর্যন্ত ‘অস্থায়ীভাবে বন্ধ’ থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top