সকল মেনু

শহীদ মিনারে পান্না কায়সারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বরেণ্য লেখক, শিশু সংগঠক, শহীদজায়া পান্না কায়সারের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। রবিবার বেলা ১১টায় শ্রদ্ধা নিবেদনের জন্য পান্না কায়সারের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়, সেখানে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

প্রথমে শ্রদ্ধা জানায় তার তৈরি শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’। কেন্দ্রীয় খেলাঘরের পক্ষে স্যালুট জানিয়ে শ্রদ্ধা জানানোর পর মরদেহে খেলাঘরের পতাকা দিয়ে আবৃত করা হয়।

এরপর খেলাঘরের বিভিন্ন শাখা শ্রদ্ধা নিবেদন করে। পরে একে একে গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ জাতিসংঘ সমিতি, সেক্টর কমান্ডারস ফোরাম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটি, ধানসিঁড়ি কমিউনিকেশন, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ঢাকা থিয়েটার, সম্প্রীতি বাংলাদেশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, ঘাতক দালাল নির্মূল কমিটি, সংস্কৃতি মঞ্চ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ, বাংলাদেশ গণ আজাদী লীগ, মহিলা আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বঙ্গবন্ধু লেখক পরিষদ, ছায়ানট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ শিশু অ্যাকাডেমি, প্রজন্ম একাত্তরসহ আরও অসংখ্য সংগঠন ও ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেন। পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পান্না কায়সারের মেয়ে শমী কায়সার ও অমিতাভ কায়সার।

শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, শিল্পী হাশেম খান, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন, ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শ্যামল দত্ত, প্রকাশক ওসমান গনি, চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর থেকে দুপুর ১টার দিকে বাংলা একামেডিতে শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হয়, সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, শহীদ জায়া পান্না কায়সার আমার সাহিত্য সংস্কৃতির অন্যতম প্রধান ব্যক্তি। তিনি আমৃত্যু চেতনার সংগ্রাম চালিয়ে গেছেন। অনেক সংগঠনের সঙ্গে নিজেকে জড়িত রাখলেও মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনার প্রতি ছিলেন অনমনীয়।

সৈয়দ আনোয়ার হোসেন বলেন, শহীদজায়া পান্না কায়সারের তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার মতো একজন অমায়িক ও আদর্শবান মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি আমাদের দেশ, দেশের মানুষকে গড়তে সবসময় কাজ করেছেন।

শাহরিয়ার কবির বলেন, ১৯৭২ সালে আমরা প্রথম যখন রাজাকারদের বিচারের দাবিতে আন্দোলন করেছি সেই আন্দোলনে তিনি সামনের সারির যোদ্ধা ছিলেন। তিনি সারা জীবন মুক্তিযুদ্ধের চেতনার দেশ তৈরিতে কাজ করে গেছেন। আজ খেলাঘরের বন্ধুদের বলবো, তোমাদের মুক্তিযুদ্ধের চেতনার দেশ গড়ার দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।

মো. আখতারুজ্জামান বলেন, তিনি সবার ভালোবাসা লাভ করতে সক্ষম হয়েছেন ব্যক্তিগত মূল্যবোধ ও গুণাবলির কারণে। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তিকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ক্ষেত্রে পটভূমি তৈরিতে পান্না কায়সার মূখ্য ভূমিকা পালন করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন। সেটি হলো, নতুন প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয় এবং মুক্তিযুদ্ধের মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ যাতে নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয় সেজন্য তিনি খেলাঘর প্রতিষ্ঠানটি আমৃত্যু পরিচালনা করেছেন।

খেলাঘরের মাধ্যমে সারা দেশের শিশুদের সম্পৃক্ত করে তাদের মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে, নৈতিক গুণাবলিতে উন্নত চরিত্রের মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করেছেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ে তোলা আমাদের একটি বড় দায়িত্ব। পান্না কায়সার সেই দায়িত্ব সারা জীবন সুন্দরভাবে পালন করে গেছেন।

অসীম কুমার উকিল বলেন, শহীদজায়া পান্না কায়সার ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের এক পুরোধা ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধের চেতনার, অসাম্প্রদায়িক চেতনার জন্য তিনি কাজ করে গেছেন। আমরা চাই, তার প্রত্যাশার সেই বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করবে। তিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ নির্মাণ করতে কাজ করেছেন। তার চলে যাওয়া আমাদের দেশের জন্য, রাজনীতির জন্য, শুদ্ধ সংস্কৃতির জন্য একটি বড় অপূর্ণতা।

ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, আমাদের জন্য তিনি ছিলেন আলোকবর্তিকা। যদিও তিনি অসুস্থ ছিলেন, কিন্তু অসাধারণ প্রাণশক্তি ছিল তার মধ্যে।

আমাদের শিশুদের চাইতেও তিনি ছিলেন চঞ্চল। অফুরান প্রাণশক্তি নিয়ে তিনি শিশুদের সঙ্গে মিশতেন। শিশুদের মধ্যে থাকতে তিনি খুব লোবাসতেন।ভালোবাসা দিয়ে তাদেরকে জড়িয়ে ধরতেন।

আমরা জানি না আমরা যারা খেলাঘর করি মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশটাকে গড়ার জন্য তার যে অবিরাম পথ চলা সেটি কোথায় গিয়ে থামবে। এ নিয়ে আমরা গভীর চিন্তায়। এমন এক মানুষ ছিলেন তিনি, যার ভেতরে লালন করতেন শিশুর মতো নরম একটি মন। কিন্তু আজ তিনি নেই। আমাদের শিশুরা কাঁদছে আজ তাদের অভিভাবকের জন্য।

ফেরদৌস আহমেদ বলেন, বাংলাদেশের জন্য, স্বাধীনতার জন্য তার ত্যাগ বিশাল। এই ত্যাগ আমরা আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবো। তার জীবনের প্রতিটি পরতে পরতে তিনি বাংলাদেশকে ধারণ করে গেছেন। একজন মা চলে যাওয়ায় আমাদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।

শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, পান্না কায়সার আমাদের প্রেরণার বাতিঘর হয়ে বেঁচে থাকবেন। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার জন্য এবং দেশকে অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তোলার জন্য তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তার স্বপ্নের সেই দেশ গড়ে তোলার জন্য আমরা, আমাদের পরবর্তী প্রজন্ম কাজ করে যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top