ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিন ভাতৃপ্রতিম সংগঠন এবং বিএনপিসহ বিরোধী দলগুলোর সমাবেশ হবে আজ। এসব সমাবেশ শুরু হওয়ার কথা দুপুরের পর। সমাবেশগুলো ঘিরে একদিকে যেমন দলীয় নেতাকর্মী ও সমর্থদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, অন্যদিকে সাধারণ রাজধানীবাসীর মধ্যে তৈরি হয়েছে শঙ্কা। অন্যান্য সাপ্তাহিক ছুটির দিনের তুলনায় আজ শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বেশিরভাগ এলাকার রাস্তাঘাট একটু বেশিই ফাঁকা। খুব জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছেন না কেউ। শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
সমাবেশ দুপুরের পর শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হচ্ছেন দুই দলের কর্মী-সমর্থকরাই। দলগুলোকে শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ২৩ শর্তে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে ও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান দুই দলের সমাবেশ ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে রাজধানীবাসীর মনে। পূর্ব অভিজ্ঞতা থেকে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন,সংঘাত- সংঘর্ষের শঙ্কা এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তাই খুব জরুরি প্রয়োজন ছাড়া পল্টন, বায়তুল মোকাররম, মতিঝিল, কাকরাইল এলাকা এড়িয়ে চলছেন সবাই।

জিপিও মোড়ে শাহরিয়ার হোসেন নামে একজন জানালেন, বাচ্চার ওষুধ এবং খাবার কেনার জন্য এসেছেন তিনি। তিনি বলেন, জরুরি দরকারে বের হয়েছি। দ্রুত কাজ শেষ করে ফিরে যাব বাসায়। দুই দল পাশাপাশি সমাবেশ করায় কিছুটা আতঙ্ক কাজ করছে।
রাজধানীর পল্টন মোড়ে দেখা গেছে, সকাল থেকেই আওয়ামী লীগ ও বিএনপি’র বিভিন্ন ইউনিটের কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে নিজেদের সমাবেশস্থলের দিকে যাচ্ছেন। এর বাইরে রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতি একেবারেই হাতে গোনা। মাঝেমধ্যে দু একটি গণপরিবহন আসলেও সেগুলোতে যাত্রীর সংখ্যাও নগন্য। এছাড়া পুলিশের সন্দেহ হলেই যে কারও ব্যাগ তল্লাশি করছে। পাশাপাশি মোবাইল ফোনের এসএমএস ও হোয়াটসঅ্যাপ মেসেজ ঘেঁটে দেখা হচ্ছে।
এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। বিএনপি ও আওয়ামী লীগের কাছাকাছি জায়গায় সমাবেশের ঘোষণায় ঢাকায় সংঘাতের আশঙ্কা করছে মানুষ। পরিবহন মালিক ও শ্রমিক এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এমনটিই জানা গেছে। তারা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার আতঙ্কে মানুষ ঘর থেকে বের হচ্ছে না।
পল্টন মোড়ে মালঞ্চ পরিবহনের সুপারভাইজার বদিউল আলম জানান, দুই দলের সমাবেশের তারিখ ঘোষণা নিয়ে গত দুইদিন থেকেই যাত্রীর চাপ কম। আবার ছুটির দিন হওয়ায় প্রয়োজন ছাড়া কেউই বের হচ্ছে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।