প্রতিপক্ষ যত দুর্বলই হোক, আধুনিক ফুটবলে তাদের জালে কতগুলো গোল দেয়া যায়? ৮-১০টি হলেও তো সেটাকে বিস্ময়কর মনে করা হয়; কিন্তু মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখ প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে এফসি রোটাখ-এগার্নের জালে যতগুলো গোল দিয়েছে, তা দেখে তো যে কারো চোখ কপালে ওঠার কথা। ২৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন মিউনিখ।
যদিও নাইনথ-টায়ার লিগের দল রোটাখ-এগার্ন। বায়ার্নের সামনে দাঁড়াতে পারারই কথা নয় তাদের। কিন্তু তাই বলে ২৭ গোল! বায়ার্নের হয়ে মোট চরাজন ফুটবলার হ্যাটট্রিক করেছেন। জামাল মুসিয়ালা, মার্সেল সাবিতজার এবং ১৮ বছর বয়সী ম্যাথিস টেল করেছেন মোট ৫টি করে গোল। এছাড়া সার্জ জিনার্বি করেছেন ৩ গোল।
বরুশিয়া ডর্টমুন্ড থেকে এই মৌসুমেই বায়ার্নে যোগ দিয়েছেন রাফায়েল গুয়েরেরো। বায়ার্নের জার্সি প্রথম গায়ে দিয়েই তিনি করেছেন ২ গোল। সাদিও মানে, কিংসলে কোম্যানও একতরফা এই জয়ে গোল করেছেন।
২০১৯ সালেও এই রোটাখ-এগার্নের বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলো বায়ার্ন মিউনিখ। সেবারও তারা জয় পেয়েছিলো ২৩-০ গোলের ব্যবধানে।
ম্যাচটি খেলতে মাঠে নামার আগে ব্যস্ত সময় পার করে বায়ার্ন। ম্যাচ শুরুর আগেই ন্যাপোলি থেকে নিয়ে আসা দক্ষিণ কোরিয়ান ফুটবলার কিম মিন জায়ের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয় এবং তাকে পরিচয় করিয়ে দেয় সমর্থকদের সামনে। এর খানিক আগ মুহূর্তে এফসি সালজবার্গ থেকে নিয়ে আসা স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টোফ ফ্রুয়েন্ডের হাতে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।