সকল মেনু

ভারতে বিজেপিবিরোধী জোটের নাম ‘ইন্ডিয়া’

আগামী বছর ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলো এক ছাতার নিচে এসেছে। গতকাল মঙ্গলবার বেঙ্গালুরুতে বৈঠক করেছে ২৬টি বিরোধী দল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অন্য নেতারা যখন সেখানে বৈঠক করছিলেন তখন নয়াদিল্লিতে ক্ষমতাসীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার নেতৃত্বে বৈঠকে বসে এনডিএর শরিক দলগুলো। ৩৮টি রাজনৈতিক দলের এ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যরা।

জল্পনা ছড়িয়েছিল পাটনার বৈঠকের পর থেকেই। গতকাল বেঙ্গালুরুর বৈঠকের মাঝেই এ বিষয়ে সুনির্দিষ্ট বার্তা আসে বিজেপিবিরোধী রাজনৈতিক জোটের পক্ষ থেকে। বৈঠক শেষে ঘোষণা করা হয়, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের বদলে এবার নতুন একটি মঞ্চে সমবেত হতে চলেছে ২৬টি বিরোধী দল। মহারাষ্ট্রের মুম্বাইয়ে হবে সেই জোটের পরবর্তী বৈঠক।

বিরোধী জোটের নতুন নামও সামনে এসেছে। ভারতের নামেই হয়েছে নতুন বিরোধী জোটের নাম ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স)। বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে নতুন জোটের নাম ঘোষণা করেন। প্রসঙ্গত, বৈঠক শেষের আগেই তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের একটি টুইটেই নাম বদলের ইঙ্গিত মিলেছিল। তিনি লিখেছিলেন, ‘চক্? দে! ইন্ডিয়া’।

তবে নাম বদল হলেও নতুন জোটে চেয়ারপারসন বা আহ্বায়ক পদ আপাতত ঘোষণা করেননি খড়গে। ইউপিএ চেয়ারপারসন পদে ছিলেন সোনিয়া গান্ধী। তবে বিরোধীজোটের ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন খড়গে। তিনি জানান, মুম্বাইয়ে জোটের পরবর্তী বৈঠকের আগেই চূড়ান্ত হবে কমিটির সদস্যদের নাম। লোকসভা ভোটের আগে বিজেপিবিরোধী সমমনা দলগুলো যেন অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়ে এগোতে পারে, এ জন্য বেঙ্গালুরুতে বিস্তারিত আলোচনা হয়েছে। কংগ্রেস সভাপতি জানান, অভিন্ন কর্মসূচির সম্ভাবনা খতিয়ে দেখতে একটি পৃথক কমিটি গঠন করা হতে পারে।

‘ইন্ডিয়া’ জোটকে কটাক্ষ মোদির : বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দল যখন আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ‘ইন্ডিয়া’ ঘোষণা করছে, তখন রাজধানী দিল্লির অশোক হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার নেতৃত্বে বৈঠকে বসে এনডিএর শরিক ৩৮টি রাজনৈতিক দল। বৈঠকে বিরোধীজোটকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বিরোধীদের তো একটাই মন্ত্র- পরিবার এবং পরিবারের জন্য।’

বৈঠকের আগে প্রধানমন্ত্রী মোদি টুইটে লেখেন, ‘ভীষণ আনন্দের বিষয় যে আজ সারাদেশ থেকে আমাদের এনডিএ শরিকরা এক সঙ্গে আলোচনায় বসছি।’ বৈঠকে রাষ্ট্রীয় লোক জনতা দল, লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং ওয়াইএসআরসিপি দলকে আমন্ত্রণ জানানো হয়নি। এদিকে, মুম্বাই থেকে দিল্লির বৈঠকে যোগ দিতে আসেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ার ও মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
বৈঠকের আগে মোদি বলেন, ‘আমাদের জোট পরীক্ষিত জোট। দেশের উন্নতি এবং আঞ্চলিক উন্নয়নের জন্য আমরা সংঘবদ্ধ।’ এদিকে, বিরোধীদের দাবি, তাদের একজোট হতে দেখে ভয় পেয়েছে বিজেপি। তাই তড়িঘড়ি এই বৈঠক। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে কটাক্ষ করেন, ‘এনডিএ যে ৩০টির বেশি দলকে নিয়ে বৈঠকে বসছে, তাদের অনেক দলের তো নামই শুনিনি আগে। আসলে মোদিজি বিরোধীজোট নিয়ে খুব ভয় পেয়েছেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top