সম্প্রতি ১২টি রাজনৈতিক দলের তথ্য যাচাই-বাছাই করে দুটি দলকে নিবন্ধন দেওয়ার জন্য চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সে তালিকায় নেই গণঅধিকার পরিষদ ও আমার বাংলাদেশ (এবি) পার্টির মতো আলোচিত দলগুলো। এ ইস্যুতে ইসির দিকে অভিযোগ তুলে নিবন্ধন না পাওয়া দলগুলোকে নিয়ে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে একাত্মতা পোষণ করে পদযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুরুল হক নুর বলেন, এই কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আগামী ২৫ জুলাই সব ‘অনিবন্ধিত দল’ ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।
তিনি বলেন, রাজপথের সক্রিয় রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন না দিয়ে সরকারের অনুগত ও গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় সৃষ্ট নামসর্বস্ব, ভূঁইফোড় দুটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করার প্রতিবাদে আগামী ২৫ জুলাই নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করা হবে।
এসময় নুর আরও বলেন, এই দালাল নির্বাচন কমিশনারদের যেখানে দেখবেন, পচা ডিম মারবেন। তাদের যেখানে দেখবেন থু থু মারবেন। কারণ, এই নির্বাচন কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে, বেঈমানি করেছে। ওদের হাল এমন করবেন, যা দেখে অন্য কেউ বেঈমানি করার সাহস না পায়।
বর্তমান কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে নুর বলেন, শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।
এর আগে বিএনপির পদযাত্রার সঙ্গে একাত্মতা প্রকাশ করে পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে পদযাত্রা বের করে গণঅধিকার পরিষদ। পদযাত্রার মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজার মোড়ে এসে শেষ হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।