সকল মেনু

অঘটন এড়াতে নিয়মিত উচ্চ রক্তচাপ পরীক্ষা করা জরুরি

উচ্চ রক্তচাপ নীরব ঘাতক। যেকোনো সময় এটি বড় ধরনের অঘটন ঘটাতে পারে। উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনে পরিবর্তন আনতে হবে। তবে সবচেয়ে বেশি জরুরি নিয়মিত উচ্চ রক্তচাপ পরীক্ষা করানো।

‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’ উপলক্ষে আয়োজিত গণমুখী সেমিনারে বিশিষ্ট চিকিৎসকরা এসব কথা বলেন।

বুধবার (১৭ মে) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সামনে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন হাসপাতালের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী। সকাল ১০টার দিকে হাসপাতালের অডিটোরিয়ামে এ সেমিনার হয়।

উচ্চ রক্তচাপের ফলে অনেক সময় একজন মানুষের জীবনে বড় ধরনের অঘটন ঘটতে পারে বলে উল্ল্যেখ করেছেন হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। এ রোগের কোনো দৃশ্যমান লক্ষণ থাকে না। কারও উচ্চ রক্তচাপ থাকলেও পরীক্ষা না করালে জানা সম্ভব নয় যে, তিনি এ রোগে আক্রান্ত। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো কৌশল হচ্ছে নিয়মিত রক্তচাপ নির্ণয় করা।

এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। তিনি বলেন, ২০১৮ সালে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির পাইলট পর্ব শুরু হয়। সফলভাবে এটি শেষ হওয়ার পর ‘বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ’ নামে আরেকটি কর্মসূচি শুরু হয়, যা বর্তমানে ২৩ জেলার ১৮২ উপজেলায় চলমান। বর্তমানে এ এলাকায় প্রায় ১২ লাখ লোকের স্ক্রিনিং করা হয়েছে। উচ্চ রক্তচাপে ভুগছেন- এমন রোগীদের রেজিস্ট্রি করা হয়েছে প্রায় এক লাখ ৬০ হাজার। এদের মধ্যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার ৫৩ শতাংশ, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।

সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ইমেরিটাস অধ্যাপক এ বি এম আবদুল্লাহ। তিনি বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। জাতিকে সচেতন করা ছাড়া এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই চিকিৎসক ও সাধারণ মানুষদের উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতন হতে হবে।

এদিন, দুপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের অডিটোরিয়ামে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে উচ্চ রক্তচাপ বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার হয়। সেখানে উচ্চ রক্তচাপের চিকিৎসার নানা দিক নিয়ে আলোচনা করে বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়া মে মেজারমেন্ট মানথের (এমএমএম) অধীনে দেশব্যাপী বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা ও আলোচনা সভা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top