যথাসময়ে জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ। তিনি বলেন, সাংবিধানিক ধারা মেনেই সেই নির্বাচন হবে। প্রতিষ্ঠার পর থেকে জাতীয় পার্টি সব নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনমুখী দল জাতীয় পার্টি আগামী নির্বাচনেও অংশগ্রহণ করবে।
সোমবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে এক লিখিত বক্তব্যে রওশন এরশাদ এসব কথা বলেন।
নির্বাচনের প্রস্তুতি নিতে মাঠপর্যায়ে দলকে সংগঠিত করার আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, এখন থেকেই সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ আসনে গণসংযোগ শুরু করতে হবে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হলে পার্টি সংস্কার করতে দ্রুত কাউন্সিল শেষ করতে হবে। সে জন্য জেলা পর্যায়ের নেতৃত্ব এখনই ঠিক করতে হবে।
তিনি আরো বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। এরশাদের রেখে যাওয়া নির্দেশনামতো পার্টি চলবে। যারা তার নির্দেশনা মানবেন না, তারা পার্টি ও নিজের ক্ষতি ডেকে আনবেন। নতুন-পুরনো, নবীন–প্রবীণসহ ত্যাগী নেতাকর্মীদের একসঙ্গে নিয়েই দলের কর্মকাণ্ড পরিচালনা করলে দল শক্তিশালী হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খান, মাসুদ পারভেজ সোহেল রানা, মসিউর রহমান রাঙ্গা, কাজী মামুনুর রশীদ, ফখরুজ্জামান জাহাঙ্গীর, গোলাম কিবরিয়া, প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, এসএম ফয়সাল চিশতী, হাবিবুল্লাহ বেলালী, উপদেষ্টা রওশন আরা মান্না, সাবেক উপদেষ্টা রফিকুল হক, জিয়াউল হক মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, নুরুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।