সকল মেনু

প্রধানমন্ত্রীর নির্দেশে চাকরি পেলেন ছাত্রলীগের সেই মাসুদ

হটনিউজ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চাকরি পেয়েছেন ছাত্রশিবিরের হামলায় পা হারানো ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে সেকশন অফিসারের সমমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে স্টোর অফিসার পদে তাকে নিয়োগ প্রদান করা হয়েছে।

চাকরিতে যোগদানের পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ।

২০১৪ সালের ২৯ এপ্রিল সকালে ক্লাসের উদ্দেশে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে হামলার শিকার হন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ। হামলায় মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর বাঁ পাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি তৎকালীন রাবি শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন।

জানা গেছে, গত ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মীর তাফেয়া সিদ্দিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো চিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে আব্দুল্লাহ আল মাসুদকে নিয়োগ দিতে নির্দেশক্রমে অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গত ২০ ডিসেম্বর নেতা আব্দুল্লাহ আল মাসুদকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে স্টোর অফিসার পদে নিয়োগ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগপত্র পেয়ে ২২ ডিসেম্বর চাকরিতে যোগদান করেন তিনি।

আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘শিবিরের নৃশংস হামলায় আহত হওয়ার পর থেকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন ভাই আমার খোঁজখবর রেখেছেন। উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন। আমার চাকরির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশও করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় চাকরি পেতে বিলম্বিত হচ্ছিল। চাকরির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আবেদন করি। মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতায় বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছি।’

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা ছাত্রলীগের অনেক নেতা-কর্মীর ওপর হামলা চালিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের পা কেটে গোড়ালি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। নির্যাতিত এই ছাত্রলীগ নেতাকে চাকরি দিয়েছেন প্রধানমন্ত্রী। আব্দুল্লাহ আল মাসুদ চাকরি পাওয়ায় আমরা খুশি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top