সকল মেনু

জামা পাল্টে না দিয়ে স্বামী ও স্ত্রীকে মারধর, দোকানি গ্রেপ্তার

হটনিউজ ডেস্ক:

ঈদুল ফিতর উপলক্ষে কেনা জামা সাইজে ছোট হওয়ায় দোকানির কাছে এক সাইজ বড় জামা চাওয়ায় ক্ষিপ্ত হয় তিনি। এতে শুরু হয় উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি। এক পর্যায়ে দোকানি ও তার সহযোগীরা ক্রেতা স্বামী ও স্ত্রীকে মারপিট করেছে।

ওই ঘটনায় মারপিটকারী দোকানি মো. সজিব খানকে (২৬) পুলিশ গ্রেপ্তার করেছে। একই সঙ্গে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলো, সজিবের বাবা আব্দুল গফুর, আদরসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন।

মামলার বাদী, জামার ক্রেতা সরকারি চাকরিজীবী সুজন হোসাইনের স্ত্রী রেবেকা আক্তার।

মামলার অভিযোগে বলা হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে গত ১৮ এপ্রিল সুজন ও তার সহধর্মীনি রাজবাড়ী কাপড় বাজারের সজিব খানের দোকান থেকে মেয়ের জন্য দুইটি জামা কেনেন। জামাগুলো সাইজে ছোট হওয়ায় গত বুধবার রাত ৮ টার দিকে তারা সজিবের দোকানে আসেন এবং এক সাইজ বড় মাপের জামা দোকানিকে দিতে বলেন। এতে দোকানি ক্ষিপ্ত হয়। সে সময় উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানি ও তার সহযোগীরা তাদের দুইজনকে বেধড়ক লাঠিপেটা করে। পরবর্তীতে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি দোকানি সজিবকে গ্রেপ্তার করে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মো. মাহবুবুল আলম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামি সজিবকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top