হটনিউজ ডেস্ক:
ঘটনাটি রাজধানীর ডেমরা এলাকার। এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ করে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল অপরাধীরা। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) গভীর রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে জালাল বেপারি (৩৫) ও চাঁন মিয়া (৩৮) নামের ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়।
৯৯৯ এ দায়িত্বরত পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এক গৃহবধূ ডেমরার ডগাইর ঈদগাহ মাঠ এলাকায় বেশ কিছুদিন আগে ধর্ষণের শিকার হন। পরে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিষয়টি জানতে পারেন। ওই নারী বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তিনি কাউকে ঘটনাটি সেভাবে বুঝিয়ে বলতে পারেননি। পরে ভিডিও ছড়িয়ে পড়লে তা জানাজানি হয়। গৃহবধূর স্বামীর বড় ভাই তা জানার পর এবং ধর্ষণকারীদের এলাকায় প্রকাশ্যে ঘুরতে দেখে ৯৯৯ এ ফোন করে সহায়তা চান।
এরপর ডেমরা থানা পুলিশের সহায়তায় ওই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্যা বলেন, ‘ওই নারী বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় ১০ দিনেও কেউ জানতে পারেনি। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগও আসেনি। বিষয়টি জানার পর একটি মামলা হয়। ২ জনকে গ্রেপ্তারের পর আদালতে এবং ওই নারীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।