হটনিউজ ডেস্ক:
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড়ে ঘরচাপা পড়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গাছুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন রুস্তুম আলী (৭০) ও তাঁর পুত্রবধূ জয়নব বেগম (৩৫)। তাঁদের বাড়ি উপজেলার শ্রীপুর ইউনিয়নে হলেও নদীভাঙনের শিকার হয়ে তাঁরা পার্শ্ববর্তী আলীয়াবাদ ইউনিয়নের গাছুরিয়া গ্রামে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা সন্ধ্যায় বলেন, পরিবারটি তাঁর ইউনিয়নের হলেও নদীভাঙনের কবলে পড়ে পাশের আলীয়াবাদ ইউনিয়নের গাছুরিয়া গ্রামে গিয়ে বসতি গড়ে। ঝড়ে ঘরচাপা পড়ে দুজনের মৃত্যু হয়।
জয়নবের স্বামী আবদুল বারেক জানান, আজ সকাল থেকে মেঘলা আকাশ ও দমকা হাওয়া বইছিল। এ জন্য তাঁরা পরিবারের সবাইকে নিয়ে ঘরেই ছিলেন। বিকেল ৪টার দিকে হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হয়। অল্প সময়ের মধ্যে তা ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ঝড়ে তাঁদের কাঁচা ঘরটি ধসে পড়ে। ঘরের নিচে চাপা পড়েন তাঁরা। পরে স্থানীয় লোকজন এসে তাঁকে এবং তাঁর দুই ছেলেমেয়েকে ঘরের নিচ থেকে জীবিত উদ্ধার করলেও বাবা রুস্তুম আলী ও স্ত্রী জয়নবকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আকস্মিক ঝড়ে ওই গ্রামের আরও সাত থেকে আটটি বাড়ি ধসে পড়েছে। কিছু বুঝে ওঠার আগেই ঝড় তাঁদের বাড়িঘর তছনছ করে দেয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।