হটনিউজ ডেস্ক:
হারিচা বেগম নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী এহিয়া মোল্লাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকার মিরপুরে দারুসসালাম থানাধীন মাজার রোড প্রথম কলোনির একটি বাসায়।
আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ শাকিল। মাজার রোড প্রথম কলোনি একটি বাড়ির দ্বিতীয় তলায় স্বামী-স্ত্রী ও তাদের ছেলে এবং তার বউ থাকতেন।
সুলতান মাহমুদ শাকিল জানান, শুক্রবার দিনগত রাতে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিকশাচালক স্বামী হাতুড়ি দিয়ে তার স্ত্রীকে মাথায় ও মুখমণ্ডলে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ৪৫ বছর বয়সী হারিচা বেগম মারা যান।
তিনি আরও জানান, পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে বউকে নিয়ে তাদের ছেলে একই বাসায় থাকতেন। ঘটনার সময় হারিচা ও তার স্বামী এহিয়া দরজা আটকে ঝগড়া করছিলেন। একপর্যায়ে এহিয়া তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় এহিয়াকে আটক করা হয়েছে। হারিচার মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বামী এহিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর এসআই সুলতান আহমেদ শাকিল আরও জানান, এহিয়ার গ্রামের বাড়ির জমিজমা নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এ সময় হারিচাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন তিনি। এ ছাড়া আরও কোনো কারণ আছে কি না বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।