সকল মেনু

করোনার টিকা নিতে গিয়ে এক ছাত্রীকে অপহরণ, গ্রেপ্তার ১

হটনিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গায় করোনার টিকা নিতে গিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে আকাশ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তাকে চুয়াডাঙ্গা আমলী আদালতে তোলা হয়েছে। এর আগে গতকাল বুধবার বিকেলে মেয়েটির বাবা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দর্শনা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে বুধবার রাতে মামলার প্রধান আসামি আকাশ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আকাশ সদর উপজেলার কুঁকিয়াচাঁদপুর গ্রামের মিলন হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর।

মামলার এজহারে বলা হয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর গ্রামের কুঁকিয়া চাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত ৬ ফেব্রুয়ারি সকালে করোনাভাইরাসের টিকা নিতে সহপাঠীদের সঙ্গে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। এসময় গ্রামের বেলেমাঠ নামক স্থানে পৌঁছালে তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায় আকাশ হোসেন ও তার বন্ধুরা। মেয়েকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার বিকেলে আকাশকে প্রধান আসামী করে আরও চারজনের নাম উল্লেখ করে দর্শনায় একটি মামলা দায়ের করেন মেয়েটির বাবা।

মামলার অন্য আসামিরা হলেন- কুঁকিয়া চাঁদপুর গ্রামের মিলন হোসেনের ছেলে বিদ্যুত হোসেন (২৭), একই গ্রামের মঙ্গল আলীর ছেলে ফরজ আলী (৩৫), তালেব হোসেনের ছেলে সুজন আলী (২৫) ও দীননাথপুর গ্রামের হোসেন আলীর ছেলে কালাম মিয়া (২৭)।

অপহরণের শিকার মেয়েটির বাবা জানান, এর আগেও আমার মেয়ে স্কুলে যাওয়া আসার পথে আকাশ তার বন্ধুবান্ধব নিয়ে উত্ত্যক্ত করতো। নানা ধরণের কুপ্রস্তাব দিতো। বিষয়টি আমি আকাশের পরিবারকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

গ্রেপ্তার আকাশের বাবা মিলন হোসেনের দাবি, আমার ছেলে আকাশের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। সে স্বেচ্ছায় আকাশের কাছে এসেছে। তাকে কেউ অপহরণ করেনি। মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বলেন, মামলার পর অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় মেয়েটিকে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গ্রেপ্তারকৃত আকাশকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে আদালতে বিচারকের কাছে ২২ ধারায় জবানবন্দি নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top