সকল মেনু

অপমানের বদলা হত্যা!

হটনিউজ ডেস্ক:

গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় গ্রামের মুদি দোকানি গাউজ দাড়িয়া (৪৫) হত্যা মামলায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। দোকানের বাকী টাকা চেয়ে লোকজনের সামনে অপমানের বদলা নিতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আজিজুর দাড়িয়া (৫০),বজলু দাড়িয়া (২৩) ও ইস্রাফিল মোল্লা (২২)।

আজ রবিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান।

তিনি বলেন, ধারের টাকা, দোকানের বাকি টাকা চাওয়া আবার নতুন করে বাকী না দেওয়া এবং গ্রামের লোকজনের মধ্যে লজ্জা দেওয়ার কারণে হত্যাকারীরা মুদী দোকানী গাউজকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের রবিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে জেল হাজতে পাঠানো হবে।

২ ফেব্রুয়ারি রাতে দোকানে ঘুমন্ত গাউজকে সিগারেট কেনার কথা বলে ডেকে তোলা হয়। দোকানের দরজা খোলার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ী গাউজকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। পরে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে বাড়ির পাশে পুকুরে লাশ ফেলে দেয় অভিযুক্তরা। পরদিন সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top