হটনিউজ ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ রবিবার রাতেই ওমানের উদ্দেশ্যে বিমানে ওঠার কথা ছিল বাংলাদেশ দলের। সেই যাত্রা এখন অনিশ্চিত হয়ে পড়েছে ঘূর্ণিঝড়ের সৌজন্যে। এই মুহূর্তে ‘শাহীন’ নামের এক ঘূর্ণিঝড় মধ্যপ্রাচ্যে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। ঝড়ের কারণে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইটের সূচি বদল করা হয়েছে।
আজ রাত পৌনে ১১টায় বিমানে ওঠার কথা ছিল বাংলাদেশ দলের। ওমানে গিয়ে কোয়ারেন্টিন শেষে শুরু হতো অনুশীলন। কিন্তু আজ এক টুইট বার্তায় ওমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, ‘ঝুঁকি এড়াতে আর বিমানবন্দরের কার্যক্রম ঠিক রাখতে মাসকাট বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা ও মাসকাটে আগমনের অপেক্ষায় থাকা সব বিমানের সূচি বদল করা হয়েছে।’
এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিবি জানিয়েছে, বাংলাদেশ দলের আজকের যাত্রার সময়সূচি একটু এদিক ওদিক হতে পারে। যাত্রা বাতিল হবে কিনা তা সন্ধ্যার পর সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে। ওমানে দলের সঙ্গে জাতীয় দলের সকল কোচিং স্টাফের যোগ দেওয়ার কথা। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তারা দুবাইয়ে আটকা পড়েছেন বলে সর্বশেষ খবরে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।