হটনিউজ ডেস্ক:
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া কালভার্ট রোড এলাকায় একটি খালে (বড় ড্রেন) ভাঙ্গারি কুড়াতে গিয়ে তলিয়ে যাওয়া আবুল হোসেন নামের সেই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
মঙ্গলবার (২২ জুন) ওই যুবক ভাঙ্গারি কুড়াতে গিয়ে ওই খালে তলিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দিনভর তল্লাশি করেও তাকে উদ্ধার করতে পারেনি।
বুধবার (২৩ জুন) খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার, আব্দুল মান্নান বলেন, সকাল ৯টার দিকে ওই খাল থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, মঙ্গলবার সকালে বৃষ্টির সময় আবুল হোসেন ওই খালে ভাঙ্গারি কুড়াতে নেমেছিল। সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত যুবকের পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।