হটনিউজ ডেস্ক:

করোনাভাইরাসের মহামারির কারণে বিয়ার পাব, পানশালায় ঝুলছে তালা। সুরাপ্রেমীরা সব ‘ঘরবন্দি’। তাই তাদের জন্য তৈরি বিয়ার শেষ পর্যন্ত নর্দমায় ঢেলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন উৎপাদনকারীরা। আর যে পরিমাণ বিয়ার নর্দমায় ফেলে দেওয়া হচ্ছে, তার পরিমান শুনলে অনেক বিয়ার প্রেমীর বুকটা মোচড় দিয়ে উঠতে পারে। একশো কিংবা দুশো লিটার নয়। এক্কেবারে ১ কোটি লিটার বিয়ার ঢালা হচ্ছে নর্দমায়। যা দিয়ে অলিম্পিক গেমসের চারটি সুইমিংপুল পুরো ভরা যেত। এমনটাই ঘটেছে ফ্রান্সে।
ফ্রান্সের বিয়ার উৎপাদনকারীদের সংগঠনের প্রধান ম্যাক্সিমে কোস্তিলহেস জানিয়েছেন, ‘চাহিদার কথা মাথায় রেখে গত মার্চ মাসে এই বিপুল পরিমান বিয়ার উৎপাদন করা হয়েছিল। বিভিন্ন রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র, পানশালায় সরবরাহ করার কথা ছিল। কিন্তু লকডাউন সব পরিকল্পনা গুলিয়ে দিয়েছে। বিপুল পরিমান অর্ডার বাতিল হয়ে গিয়েছে। ফলে বাক্সবন্দি হয়ে পড়ে থাকতে-থাকতেই মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছে বিয়ারগুলি। ফলে নষ্ট করে ফেলা ছাড়া উৎপাদনকারীদের কাছে আর বিকল্প কোনও রাস্তা নেই।’
যে ১ কোটি লিটার বিয়ার নর্দমায় ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলি সাময়িক উত্তেজক বিয়ার হিসেবেই পরিচিত বলে জানিয়েছেন কোস্তিলহেস।
তিনি বলেন, ‘এগুলি হট কেকের মতো বিক্রি হয়। তাই পাস্তুরিত করা হয় না। উৎপাদনের ২-৩ মাস বাদেই স্বাদ ও গুনাগুন নষ্ট হতে থাকে।’
কোস্তিলহেস জানান, বিপুল পরিমান বিয়ার নষ্ট করার ফলে দেশের প্রায় ৩০০ বিয়ার উৎপাদনকারী সংস্থা বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।