হটনিউজ ডেস্ক:

করোনাভাইরাসের শুরু থেকেই প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগকে ঝুঁকিপূর্ণ বলে আসছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার পর্যন্ত বিভাগজুড়ে মোট ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা কীভাবে বা কার সংস্পর্শে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সেটা এখনও সুনির্দিষ্টভাবে নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে সিলেট অঞ্চলে করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কমিউনিটি ট্রান্সমিশন হওয়ায় এ অঞ্চল করোনাভাইরাস সংক্রমণে চরম ঝুঁকিতে রয়েছে।
বিভাগের চার জেলার আক্রান্তদের সংক্রমিত হওয়ার সোর্স এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জনরা। তারা বলছেন, কীভাবে সংক্রমিত হল সেটা কেউই বলতে পারবে না। এটাতো এখনও মেডিকেল সাইন্সও আবিষ্কার করতে পারেনি। তবে স্বাস্থ্য অধিদফতরের দাবি, দেশে প্রেক্ষাপটে কমিউনিটি ট্রান্সমিশন বলা গেলেও আমরা প্রত্যেকেরই আক্রান্ত হওয়ার একেকটা ব্যাখা দাঁড় করাতে পেরেছি। কাজেই আমরা পুরোপুরি কমিউনিটি ট্রান্সমিশন বলতে চাচ্ছি না।
এ বিষয়ে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটের প্রিন্সিপাল মাইক্রোবায়োলজিস্ট প্রফেসর ডা. অসুল আহমদ চৌধুরী জানান, করোনা আক্রান্ত রোগীদের শনাক্তের সুনির্দিষ্ট সোর্স পাওয়া যায় নাই, এর মানে কমিউনিটি ট্রান্সমিশন। কাজেই এখন সামাজিক দূরত্ব বজায় রাখা এবং লকডাউন পুরোপুরি কার্যকর করা অতিমাত্রায় জরুরি।
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজিস্ট প্রফেসর ডা. সৈয়দ আনোয়ারুল হক জানান, আমরা যেটা মনে করছি ‘ল’ লেভেলে হলেও কমিউনিটি ট্রান্সমিশনটা সিলেট অঞ্চলে শুরু হয়েছে। কাজেই যারা ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন তাদেরকে পুরোপুরি আইসোলেশনে রাখতে হবে। সিলেট অঞ্চলে ৭ জন আছে। এটা যে কোনো সময় ৬ হাজার হতে পারে। কারণ সিলেট ডেঞ্জার জোন।
স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান বলেন, দেশে প্রেক্ষপটে কমিউনিটি ট্রান্সমিশন বলা যায়, কিন্তু আমরা আক্রান্তদের আশপাশের লোকজনেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছি। কারোরই পজেটিভ পাচ্ছি না। এছাড়া আমরা প্রত্যেকেরই আক্রান্ত হওয়ার একেকটা ব্যাখা দাঁড় করাতে পেরেছি। কাজেই আমরা পুরোপুরি কমিউনিটি ট্রান্সমিশন বলতে চাচ্ছি না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।