
হটনিউজ ডেস্ক:
উত্তরে ‘ডাউকি ফল্ট’, দক্ষিণে ‘শাহবাজপুর ফল্ট’। এ দুই ফল্টের মধ্যখানে থাকা সিলেট আছে বিপদে। এই বিপদ যেকোনো সময় ধেয়ে আসতে পারে ভয়ানক হয়ে।
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের জন্য ডেঞ্জার জোন (বিপজ্জনক এলাকা) সিলেট। সিলেট থেকে মাত্র ২শ’ কিলোমিটার দূরে সীমান্তবর্তী ডাউকি ফল্টের (ফল্ট হচ্ছে ভূগর্ভস্থ প্লেটের ফাঁক) অবস্থান। অন্যদিকে শাহবাজপুর ফল্টও (এটি হবিগঞ্জ-কুমিল্লা এলাকাধীন) সিলেটের কাছাকাছি। যে কারণে সিলেটের জন্য ভূমিকম্পের ঝুঁকি খুবই বেশি।
জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর রাতেও (সোমবার দিবাগত রাত) ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গোয়াইনঘাটের জাফলং এলাকা। এ ভূমিকম্প সিলেটে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে।
আবহাওয়া অধিদফতরের তথ্যানুসারে, বাংলাদেশে ভূমিকম্পের তিনটি বলয় বা জোন চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল, ঢাকা ও চট্টগ্রাম মাঝারি ঝুঁকিপূর্ণ এবং পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল সর্বাপেক্ষা কম ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত।
সিলেট পড়েছে উত্তর-পূর্বাঞ্চল জোনে। অর্থাৎ, এখানে ভূমিকম্পের ঝুঁকি সবচেয়ে বেশি।
তবে ছোটখাটো ভূমিকম্প এ অঞ্চলের তেমন ক্ষতি করতে পারবে না বলে অভিমত বিশেষজ্ঞদের। তবে সাবধানতা অবলম্বন করা এবং দুর্যোগ মোকাবেলার প্রস্তুতিতে জোর দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।