
হটনিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্টির আমন্ত্রণে চারদিনের দ্বিপাক্ষিক সফরে ৪ ফেব্রুয়ারি রোমের উদ্দেশে রওনা হবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, এই সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্টির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ৪ ফেব্রুয়ারি সকালে ইতালির রাজধানী রোমের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।
স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় ফ্লাইটটি রোমের ফিয়ামিকিনো বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।
শেখ হাসিনা ৮ ফেব্রুয়ারি দুবাই হয়ে বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তারা এই সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে, কারণ এতে বাংলাদেশের ইতালীয় উদ্যোক্তাদের নতুন বিনিয়োগের সন্ধান, ইতালিতে আরও পণ্য রফতানির পাশাপাশি দক্ষ জনশক্তি রফতানির ক্ষেত্র তৈরী হবে।
ইতালি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যবসায়িক অংশীদার এবং সেখানে দুই লাখেরও বেশি বাংলাদেশী বাস করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।